একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্টের আট সদস্যকে ‘মাথা গরম’ না করে শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করে সংসদে এসে ইতিবাচক ভূমিকা রাখা উচিত।
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গমাতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের বন্ধুদের অনুরোধ করব, আপনারা সংখ্যায় যে কয়জনই হন না কেন, মাথা গরম না করে শপথ নিয়ে সংসদে আসুন। সংসদে ভূমিকা রাখুন। আপনাদের বক্তব্য মানুষ গ্রহণ করতে পারে।’
মোহাম্মদ নাসিম বলেন, রাজাকার এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পেয়েছি, এটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।
সংসদে শক্তিশালী বিরোধী দল প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, আমাদের সবারই আশা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কার্যকর ভূমিকা রাখবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা তাদের ভূমিকা রাখবে।
মোহাম্মদ নাসিম বলেন, একাত্তর সালের ডিসেম্বর মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম। আর জানুয়ারি মাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই বিজয়ের পূর্ণতা পেয়েছিল। স্বাধীনতার ৪৮ বছর পরে সেই ডিসেম্বর মাসেই আমরা বিপুল বিজয় অর্জন করেছি। আজকের এই মাহেন্দ্রক্ষণে দেশের সব নাগরিককে শুভেচ্ছা জানাই। তিনি বলেন, বঙ্গবন্ধুর সব অর্জনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান রয়েছে। বঙ্গবন্ধুকে সব ধরনের সহায়তা করেছেন বলেই আজ আমরা বিজয় অর্জন করেছি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গমাতা পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বঙ্গমাতা পরিষদের সভাপতি আনিছুর রহমান বক্তব্য রাখেন।