জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সভাপতি গ্রুপের এক কর্মীকে হাতুড়িপেটা করেছে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার সকালে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী উদ্ভিদবিজ্ঞান ১৩তম ব্যাচের সালমান এফ রহমান, সৈয়দ অভি, মনোবিজ্ঞান ১৩তম ব্যাচের তানভীর, গণিত ১৩তম বিভাগের শান্ত, এবং পরিসংখ্যান বিভাগের অর্পণের নেতৃত্বে ভাস্কর্য চত্বরে থাকা সভাপতি গ্রুপের কর্মী কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার শাকিলের উপর অতর্কিত হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দেয়।
এরপর সভাপতি গ্রুপের কর্মীরা বিভিন্ন দিক থেকে একত্রিত হতে থাকলে ক্যাম্পাস উত্তপ্ত হতে থাকে। এক সময় ১৩তম ব্যাচের শাহিরুল উম্মি, ১২তম ব্যাচের পিয়াল এবং ১১তম ব্যাচের সানের নেতৃত্বে সাধারণ সম্পাদক গ্রুপের উপর হামলা করে।
এতে ১২তম ব্যাচের সাহেদ, ইতিহাস ১২তম ব্যাচের নূরে আলম এবং রাষ্ট্রবিজ্ঞান ১১তম ব্যাচের পারভেজ আহত হয়।
সংঘর্ষে পিয়ালের আঘাতে নূরে আলম মারাত্মক ভাবে আহত হয়।
এরপর দুপুর ১২টার দিকে সাধারণ সম্পাদক গ্রুপের ছেলেরা হাতে রড, চাপাতি, হাতুড়ি নিয়ে আক্রমণ করে সভাপতি গ্রুপের কর্মীদের উপর।
এতে অ্যাকাউন্টিং ১৩ ব্যাচের নাফিজ এবং হাতুড়ির আঘাতে গণিত বিভাগের নাহিদের মাথা ফেটে যায়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, বাসে বসা নিয়ে সিনিয়র জুনিয়রের মাঝে ভুল বুঝাবুঝি হয়। আমরা তা সমাধান করে দিয়েছি।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, বাসে বসা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তা সমাধান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জবি প্রক্টর অধ্যাপক ড.নূর মোহাম্মাদ বলেন, ভিডিও ফুটেজ দেখে আমরা কঠোর ব্যবস্থা নেব।