বিএনপির নারী প্রার্থীদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির নারী সংসদ সদস্য প্রার্থীদের বৈঠক করেছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া শামা ওবায়েদ।

তিনি বলেন, ইইউ’র একটি টেকনিক্যাল দল দেশে এসেছে গত এক মাস আগে। তারা তখন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছে। প্রতিনিধি দলের সদস্যরা বিএনপি নারী প্রার্থীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন নির্বাচনের বিষয়ে।

শামা ওবায়েদ বলেন, ইইউ প্রতিনিধি দল নির্বাচনের দিন ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এছাড়া আন্তর্জাতিক মাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তারা তা দেখেছন।

তিনি জানান, আমরা বলেছি, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। আমার নির্বাচনী এলাকা ফরিদপুরে ২৯ ডিসেম্বর নির্বাচন হয়ে গেছে। পুলিশ, র‌্যাব ও বিজিবি দিয়ে নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনের দিন সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে এসব তারা জানেন এবং বিভিন্ন তথ্য তারা নিয়েছে।

তিনি জানান, গত একমাস ধরে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি তুলে ধরা হয়েছে। যারা মারা গেছেন তাদের কথা বলা হয়েছে। নারী প্রার্থী হিসেবে আমরা যে সমস্যা মোকাবিলা করেছি তা তারা জানতে চেয়েছেন।

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, তারা তথ্য সংগ্রহ করছেন। এই তথ্য নিয়ে তারা প্রতিবেদন তৈরি করবেন। এরপর তা ইইউতে জমা দেবেন। তারপর তারা এ নিয়ে তাদের বিবৃতি দেবেন।

শামা বলেন, ইইউ প্রতিনিধি দল অত্যন্ত উদ্বিগ্ন। নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন।

বিএনপির প্রার্থীদের মধ্যে রুমানা মাহামুদ, জেবা আমিন খান উপস্থিত ছিলেন। ইইউ প্রতিনিধি দলে ছিলেন, ড্যাভিড নয়েল এবং ইরিনি মারিয়া।