পোশাক শ্রমিকদের মজুরি কাঠামোর সমন্বয় হবে: শ্রম সচিব

পোশাক শিল্পের ন্যূনতম মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেড সমন্বয়ে জন্য বিবেচনায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খান।

বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষের কারণে গঠিত মজুরি পর্যালোচনা কমিটির প্রথম সভা শেষে সচিব এ কথা জানান তিনি।

সভা শেষে শ্রম সচিব বলেন, ‘গ্রেড নিয়ে একটু সমস্যা আছে, কোনো গ্রেডে কমেছে, কোনো গ্রেডে বেড়েছে। আমরা দেখতে পেয়েছি সাতটি গ্রেডের মধ্যে ১ ও ২ সম্পর্কে ওনাদের মন্তব্য হচ্ছে সেখানে সমস্যা নেই। ৬ ও ৭ নম্বর গ্রেডেও সমস্যা নেই। শুধু ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে একটু অবজারভেশন আছে, সেটা আমলে নিয়েছি।’

তিনি বলেন, ‘এখানে যেহেতু ক্যালকুলেশনের ব্যাপার আছে, সেজন্য আরো গভীরভাবে পর্যালোচনার জন্য আরো ছোট পরিসরে আগামী রোববার বসে সমাধান খুঁজে বের করব। কোথায় কীভাবে করলে সেই সমন্বয়টা আমরা করতে পারি। যাতে এই সমস্যা সমাধান হয়’।

সচিব বলেন, আমাদের ধারণা ছিল শুধু মজুরি বৈষম্যের কারণে এই শ্রমিক আন্দোলন বা বিক্ষোভ শুরু হয়েছে। আমরা দেখেছি, সেই মজুরির বাইরেও অনেক ইস্যু এসেছে। সেগুলো মজুরি কম বা মজুরি সমন্বয়ের বাইরে আছে।

তিনি বলেন, ‘কোনো কারখানায় ঘোষিত ন্যূনতম মজুরির চেয়েও বেশি দেওয়া হয়েছে, সেই ফ্যাক্টরিও ভাঙচুর হয়েছে। এখানে খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করার বিষয় আছে।

আফরোজা খান বলেন, ‘শ্রমিক নেতৃবৃন্দকে বলব আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের অর্থনীতির মূল যে গার্মেন্টস সেক্টর সেই সেক্টরকে ধ্বংসের দিকে যেতে দিতে চাই না।’

শ্রম সচিব বলেন, ‘আমার মনে হয় ফ্যাক্টরির মিডলেভেলে যারা মজুরি দেওয়ার বিষয়ে কাজ করছেন, মালিকদেরও অনুরোধ জানাব তারা এই বিষয়টি ভালোভাবে একটু দেখবেন। যাতে ভুল বোঝাবুঝি না হয়’।