সিরিয়া থেকে সরতে ইরানকে হুমকি যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় অবস্থানরত ‘প্রতিটি ইরানি সৈন্যকে তাড়ানো হবে’ বলে হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বৃহস্পতিবার কায়রোতে সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, ‘ইরান এবং তাদের মিত্ররা সিরিয়া থেকে না সরা পর্যন্ত যুক্তরাষ্ট্র লড়াই চালিয়ে যাবে।’

মধ্যপ্রাচ্য নীতিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনাও করেন তিনি।

তিন সপ্তাহ আগে ট্রাম্প সিরিয়া থেকে সেনা সরানোর ঘোষণা দেন। এরপরই চারদিকে শুরু হয় আলোচনা। যুক্তরাষ্ট্র আসলে কী করতে চাচ্ছে, সেটি কেউ স্পষ্ট করে বলতে পারছে না।

পম্পেও এদিন ধোঁয়াশা রেখে গেলেন, ‘আমেরিকা সরে গেলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চলবে। আইএস, আল-কায়েদার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া এবং ইরান সিরিয়ান সরকারকে সমর্থন করে আসছে। দেশটিকে অস্ত্রসহ নানা কিছু দিয়ে সাহায্য করছে ইরান।

মধ্যপ্রাচ্যে ইরানের এমন উপস্থিতি সব সময় সন্দেহের চোখে দেখে আমেরিকা। দেশটি মনে করে, ইরানের কারণে এই অঞ্চল অস্থিতিশীল হচ্ছে।

অন্যদিকে আমেরিকা সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গ্রুপকে সহায়তা করে। একই সঙ্গে আইএস তাড়াতে সেখানে তাদের দুই হাজার সৈন্য রয়েছে।