অশ্লীল ভিডিও প্রচারের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার উল্লেখযোগ্য বৃহৎ পর্নোগ্রাফি ওয়েবসাইটের সহপ্রতিষ্ঠাতাকে গত বুধবার চার বছরের কারাদণ্ড দিয়েছে রাজধানী সিউলের একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই নারীর নাম সং।
বিবিসির খবরে জানানো হয়, সোরানেট নামের সাইটটির ১০ লাখের বেশি ব্যবহারকারী ছিল। এতে হাজার হাজার অবৈধ ভিডিও আপলোড করা ছিল। এর মধ্যে অনেকগুলো গোপন ক্যামেরায় ধারণ করা। ভিডিওতে থাকা নারীদের অনুমতি ছাড়াই এগুলো আপলোড করা হয়।
দক্ষিণ কোরিয়ায় পর্নোসামগ্রী উৎপাদন ও প্রচার অবৈধ। গত গ্রীষ্মে অবৈধ পর্নোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশজুড়ে সড়কে বিক্ষোভ করেন নারীরা।
সোরানেটের সহপ্রতিষ্ঠাতা সংকে সাড়ে ১২ লাখ ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে ৮০ ঘণ্টা যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক শিক্ষা নিতে হবে।
কোরিয়া হেরাল্ড নামের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৪৬ বছর বয়সী সং, তার স্বামীসহ চারজন বিদেশি সার্ভার ব্যবহার করে ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাইটটি চালান। পর্নসাইটটি নিয়ে পুলিশের তদন্ত শুরু হওয়ার পর ২০১৫ সালে নিউজিল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন সং। কিন্তু তার পাসপোর্ট বাতিল করার পর দেশে ফিরতে বাধ্য হন।
আদালতে অভিযোগ অস্বীকার করেছেন সং। তার দাবি, তার স্বামী অন্য দুজনকে সঙ্গে নিয়ে সাইটটি চালিয়েছেন। বিদেশি পাসপোর্ট থাকা ওই তিনজনের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ।