স্মিথকে ছাড়াই নামছে কুমিল্লা

অনেক ঝামেলার পর স্টিভেন স্মিথকে খেলাতে পেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু আজ মিরপুরে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই নামতে হচ্ছে। কনুইয়ের পুরনো ইনজুরির কারণে দুটি ম্যাচ মিস করবেন। কুমিল্লার জন্য এটা জয়ে ফেরার ম্যাচ। পয়েন্ট টেবিলে উঠে আসার ম্যাচ। রাজশাহীর জন্য আরেকটি পরীক্ষা।

ড্রাফটের বাইরের খেলোয়াড় স্মিথকে কুমিল্লা সই করানোর পর অন্যরা আপত্তি জানিয়েছিল। পরে বিসিবি অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে খেলার সুযোগ করে দিতে আইন বদলায়। কুমিল্লাকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া স্মিথ যথাক্রমে ১৬ ও ০ করেছিলেন। জয় দিয়ে বিপিএল শুরু করলেও পরেরটিতে রংপুর রাইডার্সের কাছে বাজেভাবে হেরেছিলেন। স্মিথকে দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না। চেকআপের জন্য গতকাল রাতে তিনি সিডনি ফিরে গেছেন। সিলেট পর্ব থেকে ফেরার কথা তার। তামিম ইকবালদের দলটা অবশ্য স্মিথকে ছাড়াও দারুণ।

রাজশাহী কিংস গড়পড়তা দল। সাবেক চ্যাম্পিয়ন ফেভারিট কুমিল্লার সঙ্গে ধারে-ভারে যায় না। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮৩ রানের বড় হারে শুরু হয়েছিল তাদের। দ্বিতীয়টিতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো পারফর্ম করে খুলনা টাইটান্সকে হারায় তারা।

একদিক দিয়ে অবশ্য দুই দলই একটি বিন্দুতে। আর তা হলো জয়-পরাজয়ের হিসাব। একটি করে জয় আর হারে সমান ২ পয়েন্ট দুই দলেরই। তামিমকে কুমিল্লার প্রাণ ধরা হলেও রংপুরের বিপক্ষে কিন্তু ব্যাটিংয়েই ডুবেছিল দল। ৬৩ রানে অল আউট হওয়ার লজ্জা পেয়েছিল। যেটি বিপিএলে কুমিল্লার সর্বনিম্ন স্কোরের নতুন রেকর্ড। ওখান থেকে মাথা উঁচু করে বের হয়ে আসার ম্যাচ এটি। শহিদ আফ্রিদিকে বেশ ভালোই লাগছে এই আসরে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারফর্ম করার মতো তারকা আছে কুমিল্লার।

রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে উঠে এসে ফিফটি করেছেন। এই আসরে ওটা প্রথম কোনো দেশি ব্যাটসম্যানের ফিফটি। মুমিনুল হক রান পেয়েছেন। সৌম্য সরকার নিজেকে ঠিকমতো দেখানোর সুযোগ পাননি। মোস্তাফিজুর রহমান আর ইসুরু উদানা আগের ম্যাচে রাজশাহীর সম্ভাবনার গল্প লিখেছেন। জয়ে ফিরে আবার নতুন পরীক্ষায় রাজশাহী কী করে আর ফেরার ম্যাচে কুমিল্লার কী হয় সেটাই দেখার অপেক্ষা।