৪৩ ম্যাচ পর

টানা পাঁচবারের ফরাসি লিগ কাপজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। টানা ৪৩ ম্যাচ জিতেছিল দলটি। বুধবার ৪৪তম জয় দিয়ে ষষ্ঠ লিগ কাপের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল ফরাসি জায়ান্টদের। কিন্তু তা পূর্ণ হতে দিল না গিঙ্গাম্প। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজিকে অঘটন উপহার দিয়েছে তারা।

ঘরের মাঠেই তাদের ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে গিঙ্গাম্প। ৬২ মিনিটে নেইমারের গোলে জয়ের পথেই ছিল পিএসজি। কিন্তু ৮২ মিনিটে এন’বাকোতো ও ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে থুরামের গোলে ষষ্ঠ লিগ কাপের স্বপ্ন ভেস্তে যায় ফ্রেঞ্চ জায়ান্টদের। মৌসুমে এটি পিএসজির মাত্র দ্বিতীয় হার। সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে মোনাকো, বোর্দো, স্ট্রাসবোর্গের সঙ্গে যোগ দিয়েছে গিঙ্গাম্প।