দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার এলজিআরডিমন্ত্রীর

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী এ ঘোষণা দেন।

তাজুল বলেন, ‘দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন আমার মন্ত্রণালয়েও সেটা অব্যাহত থাকবে।’ এ সময় তিনি এলজিইডি পরিদর্শন, দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা ও মতবিনিময় করেন। এ সময় দুর্নীতিকে উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে তাজুল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘নবগঠিত মন্ত্রিপরিষদ আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি তার অধীন থেকে দায়িত্ব পালন করে যাব।’