নভেম্বরে দলের মনোনয়নপত্র বিক্রির সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। তারা বলছে, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা ওয়াসিম বিএনপির কর্মী। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, গ্রেপ্তার হওয়া ওয়াসিম বিএনপির সক্রিয় কর্মী। বুধবার মধ্যরাতে পল্লবী থানা পুলিশ মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।’
তিনি বলেন, গত ১৪ নভেম্বর বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন বিএনপি থেকে দাবি করা হয়েছিল, আওয়ামী লীগ ও যুবলীগের হেলমেট বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। হামলার ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত ৯০ জনের মতো শনাক্ত করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।