তারেক রহমানের সাবেক এপিএস অপুর ৫ দিনের রিমান্ড

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দীন আহমেদ অপুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মতিঝিল থানায় মানিলন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার তার এ রিমান্ড মঞ্জুর করে আদালত।

তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, মানিলন্ডারিং আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। নুরুদ্দীন অপুসহ পাঁচজন কারাগারে থাকলেও সুলতান মাহমুদ নামে এক আসামি পলাতক রয়েছে বলেও জানান তিনি।

তদন্ত কর্মকর্তা আশরাফুল আরও বলেন, ‘এখনো আসামি নুরুদ্দীনকে আমাদের হেফাজতে নেওয়া হয়নি। সুবিধাজনক সময়ে তাকে কারাগার থেকে আনা হবে।’

গত ২৫ ডিসেম্বর মতিঝিলে র‌্যাবের বিশেষ অভিযানে নগদ সাড়ে ৮ কোটি টাকা, ১০ কোটি টাকার চেক এবং ধানের শীষের নির্বাচনী প্রচারপত্রসহ তিনজন গ্রেপ্তার হন; তারা হলেন ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হায়দার আলী (২৪), মহাব্যবস্থাপক (প্রশাসন) জয়নাল আবেদীন (৪৫) ও আলমগীর হোসেন।