লক্ষ্মীপুরে ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ

অন্যত্র ভর্তি হতে চাওয়ায় লক্ষ্মীপুরে ইয়াছিন আরাফাত (১২) নামে এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের পশ্চিম লাহারকান্দি এলাকায় রওযাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত আরাফাত লাহারকান্দি গ্রামের আবদুুল লতিফের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবদুল কাদের ফয়েজী পলাতক।

নির্যাতনের শিকার ছাত্রের দুলাভাই সলিম দেশ রূপান্তরকে জানান, হিফজুল কোরআন বিভাগের ছাত্র আরাফাত বেশ কিছু সমস্যার জন্য অন্যত্র ভর্তি হতে চাইলে ওই মাদ্রাসার শিক্ষক কাদের ক্ষিপ্ত হয়ে তাকে শিকলে বেঁধে মারধর করেন। পরে গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

আহত আরাফাত জানায়, বুধবার রাতে সে এশার নামাজের পর বাড়ি যায়। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় আসার পর কাদের হুজুর তাকে প্রচণ্ড মারধর করেন। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে দেখতে পায় তার পা শিকল দিয়ে বাঁধা।

জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে জানান, আরাফাতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম পায়ে শিকল বাঁধা ছিল। তবে এ ব্যাপারে চেষ্টা করে অভিযুক্ত শিক্ষক আবদুল কাদের ফয়েজী ও মাদ্রাসার অন্য কোনো শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।