গুলশানে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর গুলশান নতুন বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। উত্তর সিটি করপোরেশনের গাড়ি চালক ছিলেন তিনি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও ৩ আরোহী।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সজিব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার কমলপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি পূর্ব বাড্ডা ডিআইটি প্রজেক্টের পূর্ব পাশের সিটি করপোরেশন স্টাফ কোয়ার্টারে থাকতেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, রাত ১২টার দিকে নতুনবাজার প্রগতি সরণি গ্রুপ ফোর অফিসের বিপরীত পাশে মেইন রোডে মোটরসাইকেল ইউটার্ন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এতে মোটরসাইকেলে থাকা ৪জনই আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সজিবসহ সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সজিবকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকিরাও হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সজিবের মামা সবুজ মোল্লা বলেন, কোয়ার্টার থেকে মোটরসাইকেলে করে সজিবের ছোট মামা মোহাম্মাদ আলীসহ কয়েক জনকে নিয়ে রাতে নতুনবাজার এলাকায় যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি। আহত অন্যরা ভালোই আছে, তবে মোহাম্মদ আলীর অবস্থা গুরুতর বলে জানান তিনি।