গোবিন্দ-কারিশমার চরিত্রে বরুণ-সারা

গোবিন্দ-কারিশমা কাপুরের হিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’-এর কথা মনে আছে? কমেডি সিনেমাটির সিক্যুয়াল হতে যাচ্ছে। আর প্রধান দুই চরিত্রে পা গলাবেন বরুণ ধাওয়ান ও সারা আলী খান।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে বরুণকে এক ভক্ত প্রশ্ন করেন ভবিষ্যতে কোন নায়িকার সঙ্গে অভিনয় করতে চান। জবাবে তারকা জানান, জাহ্ণবি কাপুর ও সারা আলী খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

এর কয়েক দিন না পেরোতে দর্শকের সুখবর দিলেন সারা। এবার তাকে দেখা যাবে বরুণ ধাওয়ানের বিপরীতে। ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেক বানাচ্ছেন এ নায়কের বাবা ডেভিড ধাওয়ান। ওই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সারা ও বরুণকে।

১৯৯৫ সালে ডেভিডের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছিলেন গোবিন্দ ও করিশমা। সেই বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল এটি। গানগুলো পায় তুমুল জনপ্রিয়তা।

২০১৮ একেবারে শেষদিকে মুক্তি পেয়েছে সারা অভিনীত কেদারনাথ ও সিম্বা। অভিষেকেই বাজিমাত করলেও হাতে কাজ না থাকায় অনেকেই মজা করছিলেন তাকে নিয়ে। এবার মোক্ষম দিলেন সাইফ আলী খানের মেয়ে।

এ দিকে অভিষেক বর্মার ‘কলঙ্ক’তে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। এই সিনেমায় আরও দেখা যাবে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর ও সোনাক্ষী সিনহাকে। সিনেমাটি মুক্তি পাবে এপ্রিলে। এ ছাড়া শ্রদ্ধা কাপুরের বিপরীতে করছেন ‘এবিসিডি থ্রি’।