হাসপাতালে মাকে দেখে ফেরার পথে খুন হলেন ব্যবসায়ী

গাইবান্ধার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে বগুড়ার কাহালু থানা পুলিশ। কাহালু উপজেলার  ছাতারপুকুর এলাকার ফাঁকা মাঠের ভেতরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত আপেল মাহমুদ (৩২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মোঘলটুলি এলাকার সৈয়দ আব্দুল ওহাব দীপ্তির ছেলে। তিনি ‘ইনডেক্স বিজনেস কো-অপারেটিভ সোসাইটি’ নামে একটি আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পাশাপাশি ফাঁসিতলা এলাকায় একটি ময়দা মিলের মালিক ছাড়াও আমদানি-রপ্তানির ব্যবসা করতেন তিনি।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে থানায় খবর আসে বারমাইল-নামুজা সড়কে ছাতারপুকুর এলাকায় মাঠে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। পুলিশ রাত সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে। সেসময় কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

শুক্রবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থেকে কিছু লোক থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। তাদের কাছে ওসি জেনেছেন, বৃহস্পতিবার ওই ব্যবসায়ী বগুড়ায় এসেছিলেন তার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মাকে দেখে রাত ৯টার দিকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাতে বাড়ি ফেরেননি।

ওসি বলেন, সম্ভবত দুর্বৃত্তরা পথে তাকে তুলে নিয়ে হত্যার পর কাহালু থানা এলাকায় লাশটি ফেলে রেখে যায়।

ওসি শওকত কবির আরও বলেন, গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তার লাশের পাশে গাড়ির চাবি, কিছু নগদ টাকা এবং কলম পড়ে ছিল। হত্যার কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার এ বিষয়ে মামলা দায়ের করলে তদন্তে হত্যার কারণ জানা সম্ভব হবে বলে জানান ওসি।