গায়ে পাঁচ শতাধিক এঁটেল পোকা নিয়ে সুইমিং পুলে পাইথন

গায়ে লেগে থাকা শত শত এঁটেল পোকার যন্ত্রণায় অস্থির এক পাইথনকে উদ্ধার করেছে অস্ট্রেলিয়ান পশু চিকিৎসকরা।

বিবিসি জানিয়েছে, পাইথনটি যন্ত্রণা থেকে বাঁচতে কুইন্সল্যান্ডের একটি সুইমিং পুলে ঢুকে পড়ে।

পেশাদার একজন সাপ বিশেষজ্ঞ পাইথনটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যান। তিনি জানিয়েছেন, সাপটির শরীর থেকে ৫০০টির বেশি এঁটেল পোকা দূর করা হয়েছে।

ব্রিসবেনের সাপ বিশেষজ্ঞ হ্যারিসন বিবিসিকে বলেন, ‘সাপটি অস্বস্তিতে ছিল। দেখে মনে হচ্ছিল গায়ে অনেকগুলো মার্বেল রয়েছে।’

‘সাপটির নাম রাখা হয়েছে নিক,’ জানিয়ে হ্যারিসন বলেন, ‘চিকিৎসা দেয়া না হলে সাপটি মারাই যেত। কয়েক জায়গায় সংক্রমণ হয়েছিল। এখন অবশ্য সে ভালো আছে। দীর্ঘ সময় তাকে চিকিৎসা নিতে হবে।’