যাত্রা শুরু করল ফটো বাংলা এজেন্সি

বিরোধী দল নেই, আপনি-আমিই বিরোধী দল: ইলিয়াস কাঞ্চন

১১ জানুয়ারি, শুক্রবার যাত্রা শুরু করল নতুন বার্তা সংস্থা ফটো বাংলা এজেন্সি-পিবিএ। এ দিন উত্তরায় নিজস্ব কার্যালয়ে সকাল ১০.৩০ মিনিটে ফিতা ও কেক কেটে  সংস্থাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এবং লায়ন সেলিমা আজিজ।

বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে সংস্কৃতির মাধ্যমেই এগিয়ে যেতে হবে। মানুষের সঙ্গে থাকতে হবে। দেশকে ভালবাসতে হবে। এই দেশকে, দেশের মানুষকে ভালোবেসেই বঙ্গবন্ধু জেল-জুলুমের শিকার হয়েও একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে গেছেন। ছবির শক্তি ব্যাপক। রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি বিশ্বব্যাপী এই ছবির কারণেই নিন্দার কারণ হয়েছে।’ তিনি সাংবাদিকতার ক্ষেত্রে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণের ওপরও জোর দেন।  

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পিবিএ’র সম্পাদক জাহিদ ইকবাল। তিনি তার বক্তব্যে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেশব্যাপী সাংবাদিক নিপিড়নের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘পিবিএ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করবে।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনাদের হাতে ক্যামেরা নামের যে যন্ত্রটি রয়েছে, সেটি মিথ্যে বলে না। সেটিকে দিয়ে মিথ্যে বলাবেন না। দেশে এখন দৃশ্যমান বিরোধী দল নেই। আপনি, আমি-ই বিরোধী দল। সাংবাদিকদেরই বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। আমাদের রিয়্যাকশনের মাধ্যমেই সরকার তার করনীয় সম্পর্কে বুঝতে পারবেন। সত্য প্রকাশের ক্ষেত্রে সাহসী হতে হবে। এক্ষেত্রে কোন আপোস করলে চলবে না।’তিনি সংস্থাটির পথচলার প্রতি শুভ কামনা জানিয়ে সৃষ্টিকর্তার প্রতি দোয়া করেন।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘সাংবাদিকদের সমাজের দর্পণ বলেই মনে করি। ন্যায়-অন্যায়বোধ যেন ফুরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদের প্রতিবেশী। যদি কখনো আমার কোনো সহায়তা লাগে তবে আমি সেটা অবশ্যই করব।’

ওয়ার্ল্ড প্রেস লিমিটেডের চেয়ারম্যান মোঃ আলী আকবর আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  জিলানী মিল্টন, দীপংকর গৌতম, হাবিবুর রহমান, আতিকুল ইসলাম, সিরাজ মিয়া, মোঃ মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।