ট্রাক চালকের হুমকি পাচ্ছেন অহনা

রাজধানীর উত্তরার ৭নং সেক্টরের একটি রাস্তায় পাথর বোঝাই একটি  ট্রাক বেপরোয়া গতিতে এসে অভিনেত্রী অহনার গাড়িকে ধাক্কা দিলে অহনা এর প্রতিবাদ করেন। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে অহনাকে ট্রাকে ঝুলিয়ে রওনা হয় ট্রাক ড্রাইভার। পরে পুলিশের সহযোগিতায় ট্রাকটিতে আটকানো হলেও ড্রাইভারের হুট করে ব্রেক করার কারণে দূরে ছিটকে পড়ে গুরুতর জখম হন অহনা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ ঘটনায় ৯ জানুয়ারি উত্তরা থানায় অহনার ছোট বোন মিতু বাদী হয়ে ট্রাক চালকের বিরুদ্ধে মামলা করেছেন ।  মামলা নম্বর ২৩০(৫)১। পরিবারের পক্ষ থেকে মামলা করার পর থেকেই ট্রাক চালকের নিকট থেকে হুমকি পাচ্ছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন অহনার মা। তিনি জানান,  ০১৮৮৪১২৩৩৪৪ নম্বর থেকেই নিয়মিত হুমকি আসছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি পুরান ঢাকার একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে  ড্রাইভ করে উত্তরার বাসায় ফিরছিলেন অহনা। উত্তরা ৭ নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডে রাত সোয়া তিনটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে চাপা দিলে অহনা উত্তেজিত হয়ে গাড়ি থেকে বের হয়ে ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বলেন। কিন্তু ট্রাক চালক পেছনের গিয়ারে দিয়ে অহনার গাড়িকে আবারও চাপা দেয়।  এতে ক্ষুব্ধ হয়ে অহনা ট্রাকচালকের দরজায় উঠে তাকে নামতে জোর করেন। চালক তার কথায় পরোয়া না করে গাড়ি টান দেয়। অহনা তখন চালকের জানালা ধরে ঝুলতে থাকেন।

 ট্রাকটি ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দিতে জোরে বাঁক নেয়। কিন্তু সামলাতে না পেরে ট্রাকটিই বাম দিকে উল্টে পড়ে যায়। অহনা ছিটকে গিয়ে পাথর কুচির ওপর পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।