ফরিদপুরে ঘুড়ি ওড়ানোর উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীর পারে এ উৎসব শুরু হয়। ‘চলো হারাই শৈশবে’-এ প্রতিপাদ্য নিয়ে এ উৎসবের আয়োজন করে ফরিদপুরের ফেইসবুক পেইজ ‘ফরিদপুর সিটি’।
উৎসবে শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন। উল্লেখযোগ্য আকৃতির ঘুড়ির মধ্যে ছিলÑ জাতীয় পতাকা, মাছ, ঈগল, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি।
ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শনার্থীর পদভারে উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
ঘুড়ি উৎসবে আসা শিক্ষার্থী তমাশ্রী দে বলেন, এটি অবশ্যই ফরিদপুরের একটি অন্যরকম আয়োজন, এটি এমন একটি উৎসব যেখানে সব বয়সী মানুষ এক হয়েছে, একটি মিলন মেলায় পরিণত হয়েছে।
উৎসবে ঘুড়ি নিয়ে আসা সালমান শেখ বলেন, আয়োজকদের অবশ্যই ধন্যবাদ জানাতে হবে যে, এক দিনের জন্য হলেও আমাদের ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে। উৎসবের অন্যতম আয়োজক ‘ফরিদপুর সিটি’ ফেসবুক পেইজের এসএম ইশতিয়াক বলেন, ‘আবহমান বাংলার হারিয়ে যাওয়া উৎসবগুলো পুনরায় জনপ্রিয় করে তোলার জন্যই আমাদের এ উদ্যোগ।’
উৎসবে অংশ নেওয়া শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে ঘুড়ির আকর্ষণীয় উপস্থাপন এবং ঘুড়ি ওড়ানোর দক্ষতার ভিত্তিতে তিনজনকে পুরস্কৃত করা হয়। রাতে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ আয়োজনের।