কোপা দেল রে’তে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে লেভান্তে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। এই ম্যাচে লিওনেল মেসি, লুইস সুয়ারেজসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে।
এর আগে লা লিগায় গেল নভেম্বরে রিয়াল বেতিসের কাছে সবশেষ হেরেছিল বার্সেলোনা। লেভান্তের সঙ্গে ডিসেম্বরে লিগের ম্যাচে তারা জিতেছিল ৫-০ গোলে। সেই ম্যাচে পাঁচবারের বর্ষসেরা তারকা মেসি করেছিলেন হ্যাটট্রিক। সুয়ারেজ করেছিলেন এক গোল।
মেসি-সুয়ারেজবিহীন ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে কোপা দেল রে’র বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। এরিক কাবাকো চতুর্থ মিনিটে গোল করে এগিয়ে দেন লেভান্তেকে। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ভালভার্দের দল। কিন্তু উল্টো বোর্হা মায়োরাল ১৮ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে কাতালানরা। বল দখলেও এগিয়ে ছিল। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কুতিনহো। ব্রাজিলিয়ান তারকার অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ১৭ জানুয়ারি ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা।