নগরের কর্ণফুলীর তীরে বন্দরের মাঠে চলছে মাসব্যাপী বাণিজ্য ও রপ্তানি মেলা। গতকাল শুক্রবার ছুটির দিনে মেলায় ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। নদীর তীরে হওয়ায় কেনাকাটার পাশাপাশি এ আয়োজন হয়ে উঠেছিল বিনোদনের উৎস। ফিরিঙ্গী বাজার মেরিনার্স রোড সংলগ্ন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, অনেকে এসেছেন পরিবার-পরিজন নিয়ে। নগরে বিনোদন কেন্দ্রের সংখ্যা হাতেগোনা হওয়ায় ছুটির অবসর কাটাতে এসেছেন তারা।
১৫ ডিসেম্বর শুরু হওয়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার (বিআইটিএফ) গতকাল ছিল ২৬তম দিন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) পঞ্চমবারের মতো এ আয়োজন করে। মেলায় দেশি-বিদেশি ১৮০টি স্টল ও ৭টি প্যাভিলিয়ন রয়েছে। আছে থাইল্যান্ড, ভারত ও ইরাকের প্যাভিলয়ন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলে।
প্রবেশমূল্য ১০ টাকা হওয়ায় সহজেই পরিবার নিয়ে মেলায় আসা যায় বলে জানান স্থানীয় সজীব দাশ। তিনি বলেন, বাসার কাছেই মেলা হওয়ায় গাড়ির ঝামেলা পোহাতে হয়নি। আর অনেক বিদেশি পণ্যও পাওয়া যাচ্ছে স্বল্পমূল্যে। মেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের মধ্যে পোশাক শ্রমিক, কর্মজীবী নারীর সংখ্যা বেশি। গৃহস্থালি নানারকম তৈজসপত্র কিনছেন তারা। অন্যদিকে নদীর পাড়ে মেলা হওয়ায় বিকেল ও সূর্যাস্ত উপভোগ করতে পারছেন। নগরীর কোতোয়ালির সাইফুদ্দিন আলমের সঙ্গে কথা হয় নিউ ক্লাসিক গার্মেন্টসের স্টলে। তিনি বলেন, কোট দেখছি, পছন্দ হলে কিনব। পরিবার নিয়ে মেলা ঘুরতে আসা সঞ্চিতা দেশ রূপান্তরকে জানান, কেডিএস গ্রুপের স্টলে গার্মেন্টসের কী কী পণ্য বিদেশে রপ্তানি হয় দেখছি।
গত কয়েক বছর হালিশহর আবাহনীর মাঠে মেলা হলেও এবার নতুন স্থানে এই আয়োজন করেছে সিএমসিসিআই। এতে মানুষের যেমন সুবিধা হচ্ছে তেমনি ২০ হাজার বর্গমিটারের সুপরিসর প্রাঙ্গণ, নিরাপত্তা ব্যবস্থায়ও উন্নতি হয়েছে। দর্শনাথী, স্টল মালিক ও সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহে রয়েছে তথ্যকেন্দ্র ও মিডিয়া সেন্টার।