পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মানুষের জন্য বিপর্যয়কর মন্তব্য করে এর মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল শুক্রবার রাজধানীতে এক সম্মেলনে তিনি বলেন, ‘যদি এই যুদ্ধে জয়লাভ করতে না পারি, জলবায়ু পরিবর্তনের আক্রমণ প্রতিহত করতে না পারি, তবে বাংলাদেশের মানুষকে বড় খেসারত দিতে হবে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) যৌথভাবে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বদ্বীপ পরিকল্পনা ২১০০ এবং বাংলাদেশের স্থায়িত্বশীল উন্নয়ন’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতির বক্তব্য দেন আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, অধ্যাপক ফিরোজ আহমেদ এবং বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক নানা ক্ষেত্রের মতো বাস্তু-পরিবেশ নিয়ে ভাবতে হবে। এর পরিকল্পনাও সুচিন্তিত হওয়া জরুরি।’ শামসুল আলম জানান, দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা প্রণয়নের আগে তারা নেদারল্যান্ডসের মডেল অনুসরণ করেছেন। প্রায় তিন হাজার বিজ্ঞানীর মতামত নেওয়া হয়েছে। ডেল্টা প্ল্যানের আওতায় ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য বিভিন্ন এলাকা ঘিরে ৮০টি প্রকল্প নেবে সরকার।
দুই দিনের এই সম্মেলনে প্রস্তাবিত বদ্বীপ কমিশনের সঙ্গে জাতীয় পরিকল্পনা কমিশন, নদী টাস্কফোর্স, জাতীয় নদী রক্ষা কমিশনসহ অন্য প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা হবে বলে আয়োজকরা জানান।