বিপিএল শেষ স্মিথের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আর ফেরা হচ্ছে না ইনজুরি নিয়ে দেশে ফিরে যাওয়া স্টিভ স্মিথের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। কিন্তু পুরোনো গলফার এলবো ইনজুরি নিয়ে মাত্র দুই ম্যাচ খেলেই দেশে ফিরতে হয় স্মিথকে।

ব্যক্তিগত চিকিৎসকের শরণাপন্ন হতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আশা প্রকাশ করেছিল, গুরুতর কিছু না হলে সিলেট পর্বেই ফিরবেন স্মিথ।

কিন্তু শনিবার কুমিল্লার জন্য দুঃসংবাদই মিলল। চোটের জায়গায় অস্ত্রোপচার লাগবে স্মিথের। ক্রিকেট অস্ট্রেলিয়া এই খবর নিশ্চিত করেছে।

অস্ত্রোপচার করা মানে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হবে স্মিথকে। সময়টা প্রায় ছয় সপ্তাহের। যা তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাকেও পিছিয়ে দিতে পারে।

এ ছাড়া পাকিস্তান সুপার লিগও খেলা হবে না তার। ২৩ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলেও খেলা অনিশ্চিত। অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষে ফিরতে প্রায় বিশ্বকাপ চলে আসবে।

বল টেম্পারিং কাণ্ডে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ স্মিথ। মার্চে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলবে তার।

স্মিথকে বিপিএলে খেলাতে কুমিল্লাকে দেন দরবার করতে হয়েছে অনেক। ড্রাফট টের বাইরে থেকে কেনা বলে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আপত্তি তুলেছিল তার খেলার বেলায়। একপর্যায়ে বিসিবি ‘না’ করে দেয় স্মিথকে। পরে আবার বাইলজ সংশোধন করে স্মিথের বিপিএলে খেলার পথ পরিষ্কার করা হয়।

কুমিল্লাকে প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হার তার দলের। দুই ম্যাচ খেলে ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি স্মিথ। সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে ১৬ রান করেন। রংপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন শূন্য।