হালের ক্রেজ কণ্ঠশিল্পী ইমরান। শুধু কণ্ঠের জাদুই নয়, নিজের বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে ভক্তদের কাছে নায়ক উপাধিও পেয়েছেন। নিজের কণ্ঠশীলন, সুর সাধনা, সংগীত পরিচালনা এবং মিউজিক ভিডিওতে অনবদ্য বিচরণের মাধ্যমে ইমরান মাহমুদুল নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়।
ইমরান এবার নতুন চমক নিয়ে হাজির হলেন শ্রোতাদের সামনে। আর সেই চমকের নাম আতিয়া আনিসা। নবাগত এই কণ্ঠশিল্পী ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’এবং জি বাংলার ‘সা রে গা মা পা’র মঞ্চে প্রমাণ করেছেন নিজের কণ্ঠের ধার। দুই বাংলার দর্শক-শ্রোতার কাছে পরিচিত করেছেন নিজেকে।
ইমরান এবার আতিয়া আনিসার সঙ্গে জুটি বেঁধে শ্রোতাদের কাছে নিয়ে আসছেন তাদের নতুন গান। ‘মেঘেরই খামে’শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত ইমরানের। রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। শুধু গানের কণ্ঠেই জুটি বাঁধেননি তারা, ভিডিওতে ও দেখা যাবে এই জুটির রসায়ন। যা ইমরান ভক্তদের জন্য নতুন বছরের প্রথম চমক । আর এই চমকটি শ্রোতা-দর্শকদের জন্য নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গান এবং ভিডিও প্রসঙ্গে ইমরান বলেন, আমি বরাবরই পছন্দ করি নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য। অনেক দিন ধরেই একটি ট্রেন্ডি টোন খুঁজছিলাম আমি। আনিসার টোনটা বেশ ট্রেন্ডি। তাই তাকে নেয়া। এটা আনিসার প্রথম মৌলিক গান। ওর জন্য সবাই দোয়া করবেন। মিষ্টি প্রেমের একটি রোমান্টিক ডুয়েট গান এটি। ভিডিওচিত্র হয়েছে গানের গল্পে। আশা করি সবার ভালো লাগবে।’
ইমরানের সঙ্গে নিজের প্রথম মৌলিক গান। অনেকটা উচ্ছ্বাসিত আতিয়া আনিসা। বললেন, ‘জীবনের প্রথম মৌলিক গান, প্রিয় শিল্পীর সঙ্গে এটা আমার কাছে স্বপ্নের মতো। আনন্দটা অন্যরকম। শুধু সবার দোয়া আর ভালোবাসা নিয়ে পথ চলতে চাই সংগীতাঙ্গনে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৭ জানুয়ারি, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মেঘেরই খামে’গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।