প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের ছুটির দিনগুলো যেন রোমান্সে ভরপুর। নিউইয়র্ক থেকে দুজনে উড়াল দিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপে। সেখান থেকে রোমান্টিক সব ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
তারকা দম্পতি বড়দিন উদ্যাপন করেন লন্ডনে। তারপর সুইজারল্যান্ড, নিউইয়র্ক ঘুরে এখন গেছেন নীল জলরাশির কাছে।
নতুন ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এবং তখন…শুধুই সে…।’
ডিসেম্বরের শুরুতে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা। খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় ১ ডিসেম্বর। পরদিন বিয়ে হয় হিন্দু রীতিতে।
প্রিয়াঙ্কা সর্বশেষ ছবি করেন ২০১৬ সালে। সম্প্রতি সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটির শুটিং শেষ হতে এখনো বাকি। নতুন করে শুটিং শুরু হওয়ার কথা ১৭ ডিসেম্বর।
আইশা চৌধুরী নামের একজন তরুণ মোটিভেশনাল স্পিকারের জীবনের ওপর নির্মিত এই ছবি, যিনি বিরল ব্যাধি নিয়ে বেড়ে উঠছেন। এই চরিত্রে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। প্রিয়াঙ্কাকে দেখা যাবে ওয়াসিমের মায়ের চরিত্রে।