অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে উড়ছিল ভারত। কিন্তু ছন্দটা ওয়ানডে সিরিজে ধরে রাখতে পারল না তারা। সিরিজের প্রথম ম্যাচেই বিরাট কোহলির দলকে মুদ্রার উল্টো পিঠ দেখালো অস্ট্রেলিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৩৪ রানে হারায় অস্ট্রেলিয়া। ২৮৯ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে টিম ইন্ডিয়া করতে পারে ৯ উইকেটে ২৫৪। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল চার ম্যাচের টেস্ট সিরিজ হারা অজিরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে তিন অর্ধশতকে ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৮৮। শুরুটা আশানুরূপ ছিল না অজিদের। দলীয় ৮ রানেই অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চকে হারায় তারা। ৪১ রানের উইকেট ছাড়া হন অপর ওপেনার অ্যালেক্স কারেই (২৪)।
দারুণ ব্যাট চালিয়েছেন পরের ব্যাটসম্যানরা। অর্ধশতক করেছেন উসমান খাওয়াজা, শন মার্শ ও পিটার হ্যান্ডসকম। সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন পাঁচ নম্বরে নামা হ্যান্ডসকম। ভুবনেশ্বর কুমারের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দেওয়ার আগে ৭৩ রান করেন বাঁহাতি এই ব্যাটার। ৬১ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে ছয়টি চার ও দুইটি ছক্কা।
রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫৯ রানের কার্যকরী একটি ইনিংস খেলেছেন খাওয়াজা। তার ৮১ বলের ইনিংসটিতে রয়েছে চারটি চারের মার। ৭০ বলে চার চারে ৫৪ রান করেন মার্শ।
শেষ দিতে দ্রুত গতিতে রান তুলতে থাকেন মার্কাস স্টয়নিস ও গ্ল্যান ম্যাক্সওয়েল। ষষ্ঠ উইকেট জুটিতে ১৮ বলে ৩৪ রানের জুটি গড়েন তারা। ৪৩ বলে দুই চার ও দুই ছক্কায় ৪৭ রান নিয়ে অপরাজিত থাকেন স্টয়নিস। ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন পাঁচ বলে ১১ রান নিয়ে।
ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর ও কুলদিপ যাদব। একটি উইকেট নেন জাদেজা।
জবাব দিতে গিয়ে শুরুতেই খেই হারায় ভারত। দলীয় তার রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। উইকেটের একপ্রান্ত আগলে রেখে অনেকটা এটাই লড়েছেন ওপেনার রোহিত শর্মা। চতুর্থ উইকেটে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ১৩৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা অনেকটা কাটিয়ে তুলেন তিনি।
দলীয় ১৪১ রানে ফাটল ধরে এই জুটিতে। জাই রিচার্ডসনের বলে এলবিডব্লিউর শিকার হন ৯৬ বলে ৫১ রান করা ধোনি। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের বিদায়ে জয়ের পথ থেকেই যেন ছিটকে যায় ভারত।
লম্বা কোনো ইনিংস খেলতে পারেননি পরের ব্যাটসম্যানরা। এর মধ্যে দিনেশ কার্তিক (১২) ও ভুবনেশ্বর কুমার (২৯*) ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউই।
সেঞ্চুরির দেখা পাওয়ার পরও অবিচল ছিলেন রোহিত। ১৩৩ রানে থামে তার ব্যাট। স্টয়নিসের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার ১২৯ বলের ইনিংসটিতে রয়েছে ১০টি চারের মার ও ছয়টি ছক্কা।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল রিচার্ডসন। ১০ ওভারে ২৬ রানে চার উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত জেসন বেহরেনডর্ফ ও স্টয়নিস।
ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার রিচার্ডসন।