যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থান তলানিরও নিচে অতলে নিমজ্জিত।
শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকার মনে হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ৩০ ডিসেম্বর ভোটের আগের দিন অন্ধকার রাতে ভোট ডাকাতি ও ভোট হরিলুটের মতো অপকর্মটির জন্য অচিরেই সরকারকে বিশাল রাজনৈতিক ধাক্কা খেতে হবে।
নির্বাচনের পর আইনশৃঙ্খলা বাহিনীর ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজ উৎসব’ নিয়ে বিস্ময় প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনে যে দল বিজয়ী হয় সাধারণত তাদের কর্মীরা উৎসব, ভোজ ইত্যাদিতে মেতে থাকে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটি রাজনৈতিক দলের বিজয় উদযাপন করেছে, এটা শুধু হাস্যকর নয়, হতবাক করা বিস্ময়ও বটে।
‘সংলাপ নিয়ে ঐক্যফ্রন্টের দাবি হাস্যকর’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত ৩০ ডিসেম্বরের নির্বাচন কি খুব সম্মানজনক হয়েছে? এত বড় নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরও আত্মমর্যাদাহীন আওয়ামী লীগ নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।