বিএনপি নেতাদের কয়েকজনের ‘মানসিক চিকিৎসা বেশি প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে 'জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আমি বিএনপির ওই নেতাদের নাম উল্লেখ করতে চাই না। তবে, কার কার চিকিৎসা প্রয়োজন এটি আপনারা ভালো জানেন। শারীরিক এবং মানসিক, তবে মানসিক চিকিৎসার বেশি প্রয়োজন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের এই ব্যর্থতা ঢাকার জন্য ড. কামাল হোসেন সাহেব সংলাপ করতে চাচ্ছেন। নতুন নির্বাচনের জন্য সংলাপ। আসলে নেতাদের ব্যর্থতা ঢাকার জন্য তারাই ভাঁওতাবাজি সংলাপ চাচ্ছে। যাতে জনগণের চোখ অন্যদিকে ফেরান যায়।
হাছান মাহমুদ আরো বলেন, বাংলাদেশের ইতিহাস আমরা দেখি নাই ৩০০ আসনে ৮০০ নমিনেশন, এটি একটি রেকর্ড। নির্বাচনের ১০ দিন আগে যারা হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকে, তাদের পক্ষে কি নির্বাচনে জয়লাভ করা সম্ভব, সম্ভব না। যারা পেট্রল ঢেলে মানুষ মেরেছে, মানুষ তাদের ভোট দেবে না।
বাংলাদেশের উন্নয়ন নিয়ে তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন বলে সব ক্ষেত্রে আজ বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলেন, সুইডেন নয় দশ বছরের মধ্যে বাংলাদেশ বানানোর চেষ্টা করুন। এটি হচ্ছে বাংলাদেশের বদলে যাওয়ার চিত্র।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরী, সহ-সভাপতি রোকিয়া প্রাচী, কণ্ঠশিল্পী রফিকুল আলম, এস ডি রুবেল, এটিএম শামসুজ্জামান, অভিনেত্রী নতুন, অরুনা বিশ্বাস, তারিন প্রমুখ।