গোপালগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে তারকারা

গোপালগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বেশ কয়েকজন তারকা। ১২ জানুয়ারি মাওয়া রোডে যাত্রীবাহী একটি বাস শিল্পীদের মাইক্রোবাসে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পরিচালক রাইসুল তমাল।

শুটিং ইউনিট সূত্রে জানা যায়, কল্যাণ কোরাইয়া, স্বাগতা, অ্যালেন শুভ্র, তানভীর, রানি আহাদসহ বেশ কয়েকজন মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। এমন সময় মাওয়া রোডে সামনের দিক থেকে ছুটে আসা একটি বাস তাদের গাড়িতে ধাক্কা দিলে পেছনের দিকের জানালা ও কাচ ভেঙে যায়। কোনো রকমে ব্যালান্স করে গাড়িটি রাস্তার পাশে দাঁড়ায়। এতে আহত হয়েছেন কল্যাণ ও স্বাগতা ও রানি আহাদ। তৎক্ষণাৎ ৯৯৯-এ কল করে পুলিশকে জানানো হয়। শুধু তাই নয়, বাসটিকে তারা ধাওয়াও করেন। পরে পুলিশ বাসটিকে ধরতে সক্ষম হয়।

সেই মাইক্রোবাসে ছিলেন পরিচালক রাইসুল তমালও। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্ঘটনায় অল্পের জন্য বড় কিছু হয়নি। ভাগ্যিস আমাদের মাইক্রো আস্তে চালাচ্ছিল। আর না হয় আজকে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। যারা আহত হয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

দুটি নাটকের শুটিংয়ে অংশ নিতে তারকারা গোপালগঞ্জ যাচ্ছিলেন বলে জানিয়েছেন তমাল।