উন্নয়নকে এগিয়ে নেওয়া সরকারে বড় চ্যালেঞ্জ: এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হওয়ায় সরকারের বড় চ্যালেঞ্জ এই জনসমর্থনকে ধারণ করে দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নেওয়া। পরিকল্পনামন্ত্রী শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

তিনি বলেন, জনকল্যাণে কাজ করার কারণেই এবারের ভোটে ‘ভূমিধস’ নয় ‘সুনামি জয়’ পেয়েছে আওয়ামী লীগ। মানুষের বিপুল ভোটে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। এখন সরকারের বড় চ্যালেঞ্জ এই জনসমর্থনকে ধারণ করে দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নেওয়া।

মন্ত্রী আরও বলেন, আমাদের সরকারের মূলনীতি হলো বৃহত্তর জনকল্যাণে কাজ করা। দারিদ্র্য বিমোচন করে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর করা।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী যে ইশতেহার দিয়েছে, সরকার তা শতভাগ বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবে। শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ ও বিদ্যুৎ খাতে গত দশ বছরে আমরা ব্যাপক উন্নয়ন করেছি।

বড় বড় কিছু কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-সিলেট চার লেন সড়কের কাজ দ্রুতই শুরু হবে। রেলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে এ ব্যাপারে তিনি মন্ত্রীদেরও কড়া বার্তা দিয়েছেন। অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকার অত্যন্ত সচেতন। কারণ প্রবাসীরা রেমিট্যান্স প্রেরণ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। প্রবাসীরা যাতে ভালো থাকেন এ ব্যাপারে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। প্রবাসীদের নিরাপত্তা, তাদের সম্পদের সুরক্ষায় অগ্রাধিকার দিয়ে কাজ করা হয়।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ।