ফিরতি পথে ছেলে খুন অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের

বগুড়ায় হাসপাতালে অসুস্থ মাকে দেখে ফেরার পথে গাইবান্ধার ব্যবসায়ী আপেল মাহমুদ (৩২) খুনের ঘটনায় কাহালু থানায় হত্যা মামলা হয়েছে। গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন আপেল মাহমুদের চাচা সৈয়দ আবদুল করিম। মামলায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। শীঘ্রই এই হত্যারহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, শুক্রবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর ওই রাতেই পরিবারের পক্ষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মাকে মামলার তদন্তভার প্রদান করা হয়েছে।

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার বিকেলে ক্যানসার আক্রান্ত মা আয়েশা বেগমকে (৫২) দেখতে গিয়েছিলেন ছেলে আপেল মাহমুদ (৩২)। ওই রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা মোঘলটুলি বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে কাহালু এলাকায় আপেলকে খুন করে ফাঁকা মাঠে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।