জাপা থেকে বিএনপি হয়ে আবার জাপায় আব্দুর রশীদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বর মাসে জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় ও গাইবান্ধা কমিটি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার আবার জাপায় পুনর্বহাল হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির প্যাডে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠিতে আব্দুর রশিদকে আগের সব পদ ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এতে উল্লেখ করা রয়েছে, মো. আব্দুর রশীদ সরকার দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতিসহ যেসব পদ ও দায়িত্বে নিয়োজিত ছিলেন তাকে সেসব পদে বহাল করা হয়েছে।

গত ৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে নিজেকে এখনো জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি দাবি করেন আব্দুর রশীদ সরকার। পরদিন ৮ জানুয়ারি জেলা জাতীয় পার্টির নেতারা আরেক সংবাদ সম্মেলনে আব্দুর রশীদ সরকারকে আর কোনোভাবেই জাতীয় পার্টি গ্রহণ করবে না বলে জানান হয়।

আব্দুর রশীদ সরকার গাইবান্ধা পৌরসভায় কমিশনার ও চেয়ারম্যান ছিলেন। একবার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-২ (সদর) আসনে পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদে এমপি (সংসদ সদস্য) হিসেবে নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে আব্দুর রশীদ সরকার বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুব আরা বেগম গিনির কাছে হেরে যান।

এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রশীদ সরকারের মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। 

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল দেশ রূপান্তরকে বলেন, পত্রে জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাক্ষর থাকলে তা ঠিক আছে। তবে এ ধরনের চিঠি আমরা এখনো হাতে পাইনি।