অস্ত্রোপচারের ছুরিতে রক্তাক্ত নবজাতক

সিলেটে অস্ত্রোপচারের সময় চিকিৎসকের ছুরিতে মাথা কেটে রক্তাক্ত হয়েছে এক নবজাতক। গত শুক্রবার রাতে নগরীর বেসরকারি নিরাময় পলি ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ক্লিনিকের ব্যবস্থাপক পারভেজ আহমদের দাবি, তাদের কোনো ত্রুটি হয়নি। বাড়িতে স্বাভাবিক প্রসবের চেষ্টা করায় এমনটি ঘটেছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর লামাপাড়া গ্রামের জহিরুল হকের স্ত্রী রাশেদা বেগমকে শুক্রবার রাতে নিরাময় পলি ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর স্বাভাবিক প্রসব হবে না জানিয়ে চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। রাত সাড়ে ১০টার দিকে ডা. শায়লা বেগম অস্ত্রোপচার করেন। াশেদার ভাই জসিম উদ্দিন জানান, অস্ত্রোপচার শেষে নবজাতককে তাদের কাছে দিতে দেরি করা হয়। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় নবজাতককে পান তারা। দেখা যায়, শিশুটির মাথার পেছনের দিকে কাটা, সেখান থেকে রক্ত ঝরছে।  ক্লিনিকের ব্যবস্থাপক পারভেজ আহমদ বলেন, ‘অভিজ্ঞ চিকিৎসকেরা অস্ত্রোপচার করেছেন। ওই নারীর স্বাভাবিক প্রসবের জন্য বাড়িতে অনেক চেষ্টা করায় বাচ্চাটি আহত হয়েছে।’