রাজধানীতে ৪ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরখানে চার বছরের এক শিশু শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি উত্তরখান মাদারবাড়ী এলাকার ওয়াশিং মেশিন তৈরির একটি কারখানার শ্রমিক। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ওই কারখানার সামনে একা পেয়ে একই কারখানার শ্রমিক রিয়াজ উদ্দিন (৪০) তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে। অভিযুক্ত রিয়াজকে রাতেই গ্রেপ্তার করেছে উত্তরখান থানা পুলিশ। উত্তরখান থানার ওসি  মো. হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে জানান, শনিবার  বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে উত্তরখান থানাধীন মাদারবাড়ী এলাকায় ওয়াশিং মেশিন ফ্যাক্টরির সামনে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে একই কারখানার শ্রমিক রিয়াজ। মেয়েটি বাসায় গিয়ে বাবা-মাকে ঘটনা জানালে মেয়ের বাবা কবীর হোসেন থানায় অভিযোগ নিয়ে আসেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে রাত ৯টার দিকে ধর্ষক রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, মেয়েটির চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।