বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

পরিবহন শ্রমিক নেতাকে মারধরের অভিযোগ এনে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামীকাল (১৪ জানুয়ারি) ভোর ৬টা থেকে ১৬ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালনের কথা। গতকাল শনিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে নিশ্চিত করেন সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা।

তিনি বলেন, সীতাকু-ের সংসদ সদস্য দিদারুল আলম বৃহস্পতিবার রাতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ ও সীতাকুণ্ড রুটে চলাচলকারী ৮ নম্বর রুটের মালিক সমিতির যুগ্ম সম্পাদক খোরশেদ আলমকে মারধর করেন। এর প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জরুরি সভায় সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ৪৮ ঘণ্টা সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।