তুরাগে সাবেক মন্ত্রীর বোনের বাড়িতে বোমা হামলা, মারধর

রাজধানীর তুরাগের তাফালিয়া এলাকায় রোববার বিকেলে সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাসের বোনের বাসায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নৌবাহিনীর একজন লে. কমান্ডারসহ তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতরা লতিফ বিশ্বাসের বোন, ভগ্নিপতি ও ভাগ্নে।

তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকিন দেশ রূপান্তরকে বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই বাসায় দুর্বৃত্তদের হামলায় লতিফ বিশ্বাসের বোন, ভগ্নিপতি ও তার ভাগ্নে আহত হয়েছেন'।

তিনি জানান, মন্ত্রীর ভাগ্নে নৌবাহিনীর কর্মকর্তা। আহত হওয়ার পর তাদের সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আরও বলেন,  বাসা থেকে কিছু খোয়া যায়নি। তাই বিষয়টি ডাকাতি বা দস্যুতা বলে মনে হচ্ছে না। পারিবারিক বিরোধ বা অন্য কারণ হতে পারে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। 

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের কাছে হামলার বিষয়টি জানাতে চাইলে তিনি গণমাধ্যমে কোনো তথ্য দিতে রাজি হননি।

তার দ্বিতীয় স্ত্রী আশা লতা বিশ্বাস জানান, ডাকাতির উদ্দেশ্যে রোববার সন্ধ্যার আগে কয়েক যুবক এসে বাড়িতে বিকট শব্দে বোমা ফাটিয়ে হামলা করে। তারা মন্ত্রীর ভাগ্নে নৌবাহিনীর কর্মকর্তাকে পিটিয়ে জখম করে। হামলায় তার ননদ লতিফ বিশ্বাসের বোন ফিরোজা বেগম ও ফিরোজার স্বামী আলী হোসেন গুরুতরও আহত হয়েছেন।

তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। 

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল দেশ রূপান্তরকে বলেন, কিছুদিন আগে তাদের বাসায় কয়েক যুবক ভাড়া থাকত। তাদের কাছ থেকে মুচলেকা রেখে বাসা থেকে বের করে দেওয়া হয়। ওই সময় তারা হুমকি দিয়ে বাসা থেকে চলে যায়। রোববার তারা না অন্য পক্ষ বাসায় এসে হামলা করেছে সেটা নিশ্চিত নয়। বাসা থেকে অর্থ বা সম্পদ খোয়া যায়নি।

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে যাবে। তবে ঘটনাটি ডাকাতি বা দস্যুতা নয়।