রাজধানীর মোহাম্মদপুরে ১০ তলা থেকে পড়ে ইংলিশ মিডিয়ামে ‘এ’ লেভেলপড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এটি হত্যা না অপমৃত্যু তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মৃতের বন্ধুদের দাবি, তারা সাতজন মিলে ছাদে আড্ডা দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
গতকাল রবিবার মোহাম্মদপুর থানার এসআই মুকুল জানান, মৃত ছাত্রের নাম মিশাল হোসেন ওরফে অভি (২০)। তিনি স্কলাস্টিকা স্কুলে পড়তেন। তার বাবার নাম সাইফুর রহমান। তিনি পেশায় ব্যবসায়ী। তারা মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর সড়কে থাকেন। মুকুল জানান, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশে ২২/৯, ময়ূর ভিলার ১০ তলার ছাদ থেকে পড়ে মারা যান অভি। কেউ তাকে ফেলে দিয়েছে কি না জানতে চাইলে এসআই বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, সে কোনো কারণে পা পিছলে পড়ে গেছে। লাশের ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ মৃতের বাবা সাইফুর রহমান বলেন, ‘আমরা এখনই কোনো কিছু বলতে পারছি না। পুলিশের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। সে কোন বন্ধুর বাসায়, কেন গিয়েছিল বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়।’