মানহানির ১১ মামলায় জামিন পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। গতকাল রবিবার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ তার ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেয়। মইনুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন; সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাসুদ রানা। মাসুদ রানা দেশ রূপান্তরকে বলেন, ‘মইনুল হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি মামলায় আজ (গতকাল) জামিন পেয়েছেন তিনি। পাশাপাশি কয়েকটি মামলায় আমরা স্ট্যান্ডওভার চেয়েছি।’ তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে একটি ও মানহানির দুটি মামলাসহ যেগুলোতে স্ট্যান্ডওভার চেয়েছি সেগুলোতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই। তাই আমরা মনে করছি, তার কারামুক্তিতে বাধা নেই।’