বিয়ের দাবিতে ৫ দিন ধরে পুলিশের বাড়িতে তরুণী

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিয়ের দাবি নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে মো. সোলেমান (২৫) নামে পুলিশ কনস্টেবলের বাড়িতে অনশন করছেন স্থানীয় এক তরুণী। নিজেকে প্রেমিকা দাবি করা এ তরুণীর অবস্থানের মধ্যেই কনস্টেবল অন্য একজনকে বিয়ে করেছেন। স্থানীয় ও তরুণীর সঙ্গে কথা বলে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নয়াগাঙেরপাড় গ্রামের আবদুর রহমানের ছেলে সোলেমান হবিগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত। প্রতিবেশী আবু তাহের মিয়ার মেয়ে কলেজছাত্রী সাবিনা বেগমের সঙ্গে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক তার। কিন্তু তিনি বিয়েতে গড়িমসি করায় গত বুধবার থেকে সাবিনা তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। অন্যদিকে সোলেমানের পরিবার অন্য এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করে। গত বুধবার বিয়ের কিছু আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। এ সময় সোলেমানের বাবা সাবিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে রাতের বেলা পরিবারের পছন্দের মেয়েকে গোপনে বিয়ে করে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান সোলেমান।

গতকাল রবিবার সোলেমানের বাড়িতে অবস্থানরত সাবিনা বেগম সাংবাদিকদের কাছে বলেন, ‘সোলেমানের সঙ্গে প্রায় আড়াই-তিন বছর ধরে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে। এখন সোলেমান আমাকে স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত আমি এ বাড়িতেই থাকব।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহআলম মিয়া বলেন, অনশনরত মেয়েটির সঙ্গে তিনি কথা বলেছেন। তাকে নিজ বাড়িতে ফিরে যেতেও অনুরোধ করেছেন। কিন্তু মেয়েটি বিয়ের দাবিতে অনড়। গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল বলেন, ‘মুখে মুখে ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেব।’