নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ

টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশ সরকারসহ দেশীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল রবিবার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ফেইসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে বিশেষ করে এসডিজির ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নিতে বাংলাদেশের নতুন সরকার ও অন্যান্য জাতীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ।

দেশের সবার জন্য ইতিবাচক পরিবর্তন আনতে ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ ও আন্তর্জাতিক চুক্তিসমূহ থেকে উৎসারিত মানবাধিকার প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করবে বলে আশাপ্রকাশ করেছে জাতিসংঘ। এছাড়া মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশ সরকারকে স্বাগত জানিয়েছে বিশ্ব সংস্থাটি।