নতুন সরকারকে ওআইসি দেশগুলোর সমর্থন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও আগামীতে প্রতিটি ক্ষেত্রে এ সরকারের সাফল্য কামনা করেছে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সব দেশ।  প্রধানমন্ত্রী ও তার সরকারকে শুভেচ্ছা জানাতে গতকাল রবিবার সন্ধ্যায় গণভবনে যান ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘আমরা সব মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ একত্রে গণভবনে এসে আপনার অবিস্মরণীয় বিজয়ে আপনাকে (প্রধানমন্ত্রী) শুভেচ্ছা জানাতে পারায় গভীর সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শক্তি আসলে সমগ্র মুসলিম উম্মাহর শক্তিকেই চিহ্নিত করে। কাজেই আপনাকে সবরকমের সহযোগিতা প্রদান করা একটি মুসলিম দেশ হিসেবে এটা আমাদের প্রত্যেকের ও সম্মিলিত দায়িত্ব-কর্তব্যের মধ্যেই পড়ে।’

কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, তুরস্ক, কুয়েত, মরক্কো, মালদ্বীপের রাষ্ট্রদূত এবং ইরাক, ওমান, পাকিস্তান এবং সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্সগণ অনুষ্ঠানে বক্তৃতা করেন।  তারা বক্তৃতায় নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়কে শেখ হাসিনার প্রতি জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন বলেই উল্লেখ করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের উদ্দেশে বলেন, ‘জনগণ বুঝেছে যে, আমরা তাদের জন্যই কাজ করি। আর তাই তারা আমাদের ভোট দিয়েছে।’ রাষ্ট্রদূতদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা তার সরকারকে অব্যাহত সহযোগিতার জন্য ওআইসিভুক্ত রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।