তুরাগে সাবেক মন্ত্রীর বোনের বাসায় হামলা নৌবাহিনী কর্মকর্তাসহ আহত ৩

রাজধানীর তুরাগের তাফালিয়া এলাকায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাসের বোনের বাসায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববারের এ ঘটনায় নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডারসহ তিনজন আহত হয়েছেন। আহতরা লতিফ বিশ্বাসের বোন, ভগ্নিপতি ও ভাগ্নে। তাদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকিন দেশ রূপান্তরকে বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই বাসায় দুর্বৃত্তদের লতিফ বিশ্বাসের বোন, ভগ্নিপতি ও তার ভাগ্নে আহত হয়েছেন। ভাগ্নে নৌবাহিনীর কর্মকর্তা। আহত হওয়ার পরই তাদের সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাসা থেকে কোনো পণ্য খোয়া যায়নি। তাই বিষয়টি ডাকাতি বা দস্যুতা বলে মনে হচ্ছে না। পারিবারিক বিরোধ বা অন্য কোনো কারণ হতে পারে।’

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের কাছে হামলার বিষয়টি জানাতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো তথ্য দিতে রাজি হননি। ওই সময় তিনি তাফালিয়ায় তার বোনের বাসাতেই ছিলেন। পাশেই তারও একটি ১০ তলা বাড়ি রয়েছে।

লতিফ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী আশা লতা বিশ্বাস জানান, ডাকাতির উদ্দেশে রোববার সন্ধ্যার আগে কয়েক যুবক এসে বাড়িতে বিকট শব্দে বোমা ফাটিয়ে হামলা করে। তারা মন্ত্রীর ভাগ্নে নৌবাহিনীর কর্মকর্তাকে পিটিয়ে জখম করে। হামলায় তার ননদ ফিরোজা বেগম ও ফিরোজার স্বামী আলী হোসেন গুরুতর আহত হন।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল দেশ রূপান্তরকে বলেন, ‘কিছুদিন আগে তাদের (লতিফ বিশ্বাসের বোন) বাসায় কয়েক যুবক ভাড়া থাকত। তাদের কাছ থেকে মুচলেকা রেখে বাসা থেকে বের করে দেওয়া হয়। ওই সময় তারা হুমকি দিয়ে বাসা থেকে চলে যায়। গতকাল তারা নাকি অন্য কোনো গ্রুপ বাসায় এসে হামলা করেছে, সেটা নিশ্চিত নয়। বাসা থেকে কোনো অর্থ বা সম্পদ খোয়া যায়নি।’  তিনি আরও বলেন, ‘বাড়িতে কয়েকজন এসে হামলা করেছে। তাদের সঙ্গে বাড়ির লোকজনের যাদের সঙ্গে মারামারি হয়েছে, তারা কারা তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাটি ডাকাতি বা দস্যুতা নয়।’