গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সেবার মান উন্নত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। বর্তমানে সেবাপ্রত্যাশীদের যে অনাকাক্সিক্ষত বিলম্বের শিকার হতে হয়, তা দূর করতে হবে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা বাড়াতে এবং আরও গতিশীল ভূমিকা পালন করতে হবে।
গতকাল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী এই আহ্বান জানান।
মন্ত্রী বলেন, রাজউক সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা রয়েছে, তা খুব সুখকর নয়। এখানে মেধাবী কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেন। তাই কাজে স্থবিরতা, দুর্নীতি বা অনিয়ম কোনোভাবেই কাম্য নয়। মুষ্টিমেয় কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম বা দুর্নীতির কারণে গোটা প্রতিষ্ঠানের ভাবমূর্তি খাটো হয়। এদিকে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিষ্ঠানের আইন ও নিয়মকানুন অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে দ্রুত সেবা প্রদানে সবাইকে তৎপর হতে হবে। কারও রাজনৈতিক বিশ্বাসকে প্রতিষ্ঠানের কাজে সঙ্গে মেলানো যাবে না। কোনো বিষয়ে অনিয়ম বা গাফিলতির অভিযোগ এলে সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী রাজউকের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। মন্ত্রীকে জানানো হয় যে, রাজউকের আটটি জোনের মধ্যে দুটিতে নকশা অনুমোদনে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে আটটি জোনেই এ সুবিধা চালু করা হবে।