ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায়? বলিউড অভিনেতা শহীদ কাপুর বলছেন, ‘যায় না’। আর তাই সাবেক দুই প্রেমিকা কারিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে কাউকেই ভুলতে চান না। কিন্তু কেন?
শহীদ বলছেন, পুরোনো সব অভিজ্ঞতাই তাকে আজকের কাপুর বানিয়েছে। তাই সেসব ভুলে যাওয়া তার জন্য কঠিন।
শহীদ হাজির হয়েছিলেন কিংবদন্তি পরিচালক করন জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করনে’। সেখানে তাকে প্রশ্ন করা হয়, যদি পুরোনো স্মৃতি ভুলে যাওয়ার ক্ষমতা দেওয়া হয়, তাহলে প্রিয়াঙ্কা চোপড়া এবং কারিনা কাপুরের মধ্যে থেকে কাকে তিনি ভুলে যেতে চান?
২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করা শহীদের উত্তর ছিল এমন, ‘দেখুন, প্রিয়াঙ্কার চেয়ে কারিনার সঙ্গে আমার বেশি দিনের সম্পর্ক। আজ আমি যা হয়েছি, তা আমার অতীত অভিজ্ঞতা দিয়ে হয়েছি। তাই কারো স্মৃতিই মুছে ফেলতে চাই না। এটা আমার জন্য অনেক কঠিন।’
প্রিয়াঙ্কার সঙ্গে শহীদের প্রেম হয় কামিনে ছবিতে একসঙ্গে অভিনয়ের পর। সেই থেকে তিন বছরের প্রেমিকা কারিনাকে ভুলে শহীদ একটু একটু করে ঝুঁকে পড়েন প্রিয়াঙ্কা চোপড়ার দিকে। বছর খানেক বাদে প্রিয়াঙ্কার সঙ্গে ব্রেকআপ করে বিয়ে করে ফেলেন ‘চকলেটবয়’ খ্যাত এই অভিনেতা।
অনুষ্ঠানে শহীদ সাবেক প্রেমিকাদের প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইলেও উপস্থাপক করন আবার তাকে প্রশ্ন করেন। এবার জানতে চান, দুইজনের মধ্যে কে বেশি মেধাবী অভিনেত্রী?
শহীদ দুইজনকে খুশি করার মতো উত্তর দেন, ‘আমি মনে করি কারিনা বেশি মেধাবী। আর প্রিয়াঙ্কা সবচেয়ে বেশি পরিশ্রমী এবং নিবেদিত।’