ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ প্রশ্নে দ্বিতীয় গণভোটের চেয়ে ব্রেক্সিট চুক্তিই ভালো বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। গত রবিবার বিবিসির অ্যান্ড্রু মার শোতে করবিন বলেন, ইইউ থেকে চুক্তি ছাড়া বের হয়ে যাওয়া এড়ানো গণভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গণভোট না হলেও ব্রেক্সিট চুক্তি নিশ্চিত করার পক্ষে শেষমেশ মতপ্রকাশ করলেন এই নেতা।
অবশ্য বিরোধী দল লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠ সদস্য এখনো দ্বিতীয় গণভোটের পক্ষে অবস্থান নিয়ে আছেন। এমন অবস্থায় দলের অন্য সদস্যদের মতামতের বাইরে করবিনের এমন মন্তব্য ব্রেক্সিট চুক্তির বিষয়টিকে আরও দ্বিধান্বিত করছে বলে মনে করেন বিশ্লেষকরা। সম্প্রতি লেবার পার্টির সদস্যদের ওপর করা এক জরিপে বলা হয়, দলটির ৭২ শতাংশ সদস্যই চান জেরেমি করবিন যেন তাদের মতকে সমর্থন করেন।
শোতে করবিন বলেন, ‘আমার নিজের দৃষ্টিভঙ্গি হলো, আমি বরং দেনদরবার করা একটি চুক্তিই চাইব। এখন যদি আমরা ২৯ মার্চ ইইউ থেকে কোনো চুক্তি ছাড়াই বের হয়ে যাওয়ার বিপদ ঠেকাতে পারি; যা শিল্প, বাণিজ্যের জন্য বিপর্যয়কর হয়ে দীর্ঘ সময়ব্যাপী বিশাল প্রভাব ফেলতে পারে।’ এ সময় তিনি আরও বলেন, লেবাররা ব্রেক্সিট ডেডলাইনের আগে সরকারে গেলে ইইউ নেতাদের সঙ্গে নতুন একটি চুক্তির জন্য দরাদরি করার সময় পেতে তাদের আর্টিকেল ৫০-এর মেয়াদ বাড়াতে হতে পারে।