রক ব্যান্ড 'বাংলা ফাইভ' নিয়ে আসছে তাদের প্রথম অ্যালবাম 'কনফিউশন'। আগামী ১৯.০১.১৯ তারিখে জাহাঙ্গীরনগরে অনুষ্ঠিতব্য হিম উৎসবে প্রকাশিত হবে এই অ্যালবামটি, পাওয়া যাবে সিডি আকারে এবং অনলাইনে। অনুষ্ঠান প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড মিউজিশিয়ান মাকসুদুল হক (মাকসুদ ও ঢাকা)।
প্রথম অ্যালবাম 'লাস্টবেঞ্চ' (২০১৬) প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়ে ব্যান্ড গড়েন ইন্ডিপেনডেন্ট মিউজিশিয়ান সিনা হাসান, সঙ্গে যোগ দেয় গিটারিস্ট অনিক, বেজিস্ট রাফিন ও ড্রামার মেহেদী। দেশে ও দেশের বাইরে পরিবেশনা করতে থাকেন একের পর এক অসাধারণ পারফরমেন্স। তাদের গান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জয় করে নেপাল ও কলকাতার শ্রোতাদের হৃদয়। গত এক বছরের পরিশ্রমে তারা প্রস্তুত করেছেন বাংলা ফাইভের প্রথম অ্যালবাম 'কনফিউশন'। এই ব্যান্ডটির বৈশিষ্ট্য হলো তারা শুধু যন্ত্র বাজানোর পারদর্শিতায় নয় বরং তারা জোর দেয় গানের কথায়, বক্তব্যে ও শব্দচয়নে। অ্যালবামে থাকছে তাদের চারটি গান- 'কনফিউশন', 'বাবা মায়ের পকেট', মনে করো' ও 'সন্ধ্যা নামায়ে রাখি', যা মানুষের ভেতরকার মানসিক দ্বন্দ্ব, মধ্যবিত্তের সংকট, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে রচিত।
গতানুগতিক অ্যালবাম রিলিজে অর্থাৎ কোন রকম স্পনসর না নিয়ে বরং নিজেদের শ্রম ও সঞ্চয়কে পুঁজি করে নিজেদের প্লাটফর্মকে ভিত্তি করে তারা এই অ্যালবামটি প্রকাশ করবেন। সেদিক থেকে 'কনফিউশন' অ্যালবামটি একটি স্বাধীন ব্যান্ড অ্যালবামের উদাহরণ সৃষ্টি করবে বলে তারা মনে করেন। অডিও প্রকাশের পাশাপাশি তারা প্রকাশ করবেন ২ টি মিউজিক ভিডিও 'মনে করো' (পরিচালনায় কারিশমা চৌধুরী) এবং 'কনফিউশন' (পরিচালনায় মৃৎ মন্দির রায়)।
উল্লেখ্য যে হিম উৎসবের তৃতীয় দিনে উক্ত অনুষ্ঠানে সকাল থেকে পরিবেশনায় থাকবে মোট ৩০ টি ব্যান্ডদল। তাদের মধ্যে 'শহরতলী', 'সহজিয়া', 'কফিল আহমেদ', 'কৃষ্ণপক্ষ' ও 'অবান্তর' উল্লেখযোগ্য। বাংলা ফাইভের কনফিউশন অ্যালবামের গানগুলো পাওয়া যাবে তাদের ইউটিউব চ্যানেল 'সিনা হাসান অ্যান্ড বাংলা ফাইভ' এবং ফেসবুক চ্যানেল 'বাংলা ফাইভ ব্যান্ড' ও ওয়েবসাইট বাংলাফাইভ.কম এ। অ্যালবাম ছাড়াও তাদের বিভিন্ন স্যুভেনির প্রোডাক্ট- ক্যাপ, টিশার্ট, স্টিকার ইত্যাদিও পাওয়া যাবে। বাংলাদেশ ছাড়াও কলকাতার ক্যাফে কবীরা ও নেপালের ঘারেলু আর্টস-এ তাদের অ্যালবাম ও স্যুভেনির পাওয়া যাবে।