বাজারে বোতলজাত পানির মান নির্ণয় ও পরীক্ষা করে আগামী ২১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পক্ষে করা সময় আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশ দেয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জে আর খান রবিন ও শাম্মী আক্তার। বিএসটিআইয়ের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বাজারে বেআইনিভাবে থাকা বোতলজাত পানি সরবরাহ বন্ধে গত বছর ৩ ডিসেম্বর আদেশ দিয়েছিল হাইকোর্ট। বিএসটিআই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল। পাশাপাশি আদালতের আদেশের পর বিএসটিআই কী পদক্ষেপ নিয়েছে তা প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছিল। এছাড়া প্লাস্টিক বোতল ও জারে বিশুদ্ধ পানি সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।