খানাখন্দে ভরা সড়ক নিয়ে বিপাকে ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের সামনের সড়ক খানাখন্দের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের ফলে সড়কটিতে বছরজুড়েই জলাবদ্ধতা থাকে। বেহাল সড়কের কারণে দেশ-বিদেশের উচ্চশিক্ষা সংশ্লিষ্টদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলে এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘সড়কের বেশিরভাগ গর্তগুলো সৃষ্টি হয়েছে ইউজিসির প্রবেশদ্বারে ও সংলগ্ন স্থানে। ফলে কমিশনে আসা অতিথিদের গাড়ি রাস্তার গর্তের নোংরা পানিতে নাকানি-চুবানি খেয়েই এর ভেতরে প্রবেশ করে। এতে যানবাহনেরও ব্যাপক ক্ষতি হয়।’

গতকাল সোমবার এডিবির এক কর্মকর্তার গাড়ি ইউজিসিতে প্রবেশের সময় গাড়ির পেছনের একটি অংশ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ইউজিসি থেকে জানানো হয়েছে।

ভাঙা ও পানিতে ডোবা সড়ক দিয়ে পাবলিক সার্ভিস কমিশন, পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় বিজ্ঞান জাদুঘর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ নির্বাচন কমিশন, পিকেএসএফ, ইসলামিক ফাউন্ডেশন, কোস্ট গার্ড, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ও সংগীত কলেজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এতে বহু মানুষের নির্বিঘেœ চলাচল ও প্রাত্যহিক কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে।  এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘দেশের ১৫০টির অধিক বিশ্ববিদ্যালয়ের তদারকির দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রতিদিন বিশ্বব্যাংক, এডিবি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দূতাবাসের পদস্থ কর্মকর্তা, সরকারের বিভিন্ন মন্ত্রী, শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, পরিকল্পনাবিদ, বিভিন্ন কাজে ইউজিসিতে আসেন। এতে আমরা বিব্রত হই এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। সংশ্লিষ্টদের কাছে ভবনসংলগ্ন সড়কটি অতি দ্রুত সংস্কারের দাবি জানান ইউজিসির চেয়ারম্যান।