ট্রাফিক শৃঙ্খলায় কর্মসূচি শুরু আজ

রাজধানীতে ১৭ দিনের ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম আজ মঙ্গলবার শুরু হচ্ছে। মহানগরীর মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা ও ট্রাফিক শৃঙ্খলার উন্নয়ন এই কর্মসূচির লক্ষ্য। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ৩১ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ওবাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন। কর্মসূচির আওতায় বিতরণ করা হবে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট, প্ল্যাকার্ড, ফেস্টুন ও গাইড বই। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে গুরুত্বপূর্ণ মোড়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্ল গাইড, বিএনসিসি সদস্যদের ট্রাফিক কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।

অন্য কার্যক্রমের মধ্যে রয়েছেÑ  ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের সঙ্গে সমন্বয় করে জেব্রা ক্রসিং দৃশ্যমান করা, মূল সড়কের পাশের স্কুল-কলেজের ক্লাস শুরু ও ছুটির সময়ে ট্রাফিক পুলিশ, স্কুল-কলেজের স্বেচ্ছাসেবক মোতায়েন এবং ট্রাফিক সাইন স্থাপন করা। হাইড্রোলিক হর্ন, দ্রুতগতির যানবাহন, বেপরোয়া গতি, বিকন লাইট, উল্টো পথে চলাচল এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানসহ ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ ট্রাফিক অভিযান এবং মোবাইল কোর্ট অব্যাহত রাখা।