বর্ষা মৌসুমের আগেই সড়ক মেরামত ও সংস্কারকাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর প্রধান, চলমান প্রকল্পসমূহের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। সড়ক-মহাসড়ক নির্মাণকাজের গুণগতমান সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, দেশের সড়ক-মহাসড়কের ওপর স্থাপিত কাঁচাবাজার ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে মূল সড়ক উদ্ধারের কাজ শুরু হয়েছে। এ কাজ সফলভাবে শেষ করতে হবে।
তিনি জানান, পরবর্তী পর্যায়ে সড়ক পাশের অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পৌরসভা এলাকায় মহাসড়কের পার্শ্ব আবর্জনামুক্ত রাখতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে কঠোর নির্দেশনা দেন তিনি। পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থা পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে হবে। প্রতিটি সড়কের বেইলি সেতুসমূহ প্রতিস্থাপনসহ চলমান নির্মাণকাজ যথাসময়ে শেষ করারও নির্দেশ দেন। দেশের প্রথম সীমান্ত সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সম্প্রসারণ করে ৩২ ফুটে উন্নীত করা হবে। পর্যটকদের সুবিধার্থে সৈকত সংলগ্ন সড়কে বাতি স্থাপন, বিভিন্ন পয়েন্টে বিশ্রামাগার নির্মাণের পাশাপাশি মেরিন ড্রাইভে পর্যটকদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, আগামী মাসে দ্বিতীয় সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে এলেঙ্গা-রংপুর জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ শুরু হতে যাচ্ছে।